চুয়াডাঙ্গার জীবননগরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় শাহাবুল ইসলাম (৩৭) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়া হায়দার আসামীর অনুপস্থিতিতে এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত শাহাবুল ইসলাম জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১০ সালের ৩০ মার্চ মৃগমারী গ্রামের এক শিশুকে মেলা দেখার নাম করে নিয়ে যায় পার্শ্ববর্তী দেহাটি গ্রামে।
এ সময় রাতে অচেতন করে তাকে একটি সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে শাহাবুল। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। পরে শিশুটির বাবা বাদী হয়ে জীবননগর থানায় দুইজনকে আসামি করে জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
জীবননগর থানার তৎকালিন উপ-পরিদর্শক কেরামত আলী দুইজনকে অভিযুক্ত করে একই বছরের ১৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত এ মামলার ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিযুক্ত শাহাবুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামি রোজীনা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।