রোহিতকে টেস্টে সুযোগ দিন : মুশতাক মোহাম্মদ

ওল্ড ট্র্যাফোর্ডের সেমিফাইনালে রোহিত শর্মা ব্যর্থ হলেও আগেই পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ‘হিটম্যান’। সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপের নয় ম্যাচে তার রান ৬৪৮। গড় ৮১। যে ম্যাচে তিনি বড় রান করেছেন সেই ম্যাচ জেতার জন্য চিন্তা করতে হয়নি ভারতকে। সেঞ্চুরি করা প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বোলারদের ওপর কর্তৃত্ব করেছেন রোহিত। এটা দেখে অন্য সবার মতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি মুশতাক মোহাম্মদও। নিজের চেয়ে সবদিক দিয়েই ব্যাটসম্যান রোহিতকে এগিয়ে রাখছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের পরিবার। এই পরিবার থেকেই ক্রিকেট শাসন করেছেন হানিফ, সাদিক এবং ওয়াজির মোহাম্মদ। সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুশতাক মোহাম্মদ। যেটি ভেঙে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। ক্যারিয়ারে ৫৭ টেস্ট খেলেছেন মুশতাক। বার্মিংহামে ৭৫ বছর বয়সী পাকিস্তানি কিংবদন্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে (রোহিত) আমাদের যেকোনো ভাইয়ের চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান।’ রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তার টেকনিক, আগ্রাসন এবং শট নির্বাচন দেখার মতো।’ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেন মুশতাক, ‘একজনের সঙ্গে অন্য কারোর তুলনা করাটা আমি পছন্দ করি না। একটা দিনে তুমি ভালো খেললে তুমি ভালো ক্রিকেটার। কিন্তু যে বেশি ধারাবাহিক সে সেরা খেলোয়াড়। রোহিত, কোহলি এবং বাবর (আজম) সবাই খুব ধারাবাহিক।’