বিদ্যালয়ের সামনে মাটির স্তূপ, খেলা বন্ধ দুই মাস

ভবন নির্মাণকারী ঠিকাদারের খামখেয়ালিতে রাজশাহীর বাঘা উপজেলার মনমোহন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। প্রায় দুই মাস আগে বিদ্যালয়টির সামনে ফাঁকা জায়গা খুঁড়ে পাশেই মাটির স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় অভিভাবক ও বিদ্যালয় কর্র্তৃপক্ষ এ নিয়ে বারবার ঠিকাদারকে তাগাদা দিলেও তাতে সমাধান হয়নি। 

উপজেলা সদরের মুর্শিদপুরে মনমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমনিতেই তেমন ফাঁকা জায়গা নেই। প্রায় দুই মাস ধরে সেই জায়গাটুকুও ঠিকাদারের মাটির স্তূপে ঢাকা পড়ে আছে। স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মাটি কেটে গর্ত করে রাখা হয়েছে। এতে সাধারণের চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুরা গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। এ বিষয়ে অভিযোগ করলেও তা আমলে নেননি ঠিকাদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হোসেন জানান, রমজান মাসের ছুটিতে বিদ্যালয়টি বন্ধ ছিল। এর মাঝে কাজ করার জন্য ঠিকাদারকে বলা হলেও তিনি তা আমলে নেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম সানোয়ার হোসেন বলেন, কাজটি দ্রুত করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। কিন্তু মাটি পরীক্ষার অজুহাতে তিনি কালক্ষেপণ করছেন।

এ বিষয়ে ঠিকাদার গোলাম মোস্তফা খান মন্টু বলেন, আশপাশে কোনো খালি জায়গা না থাকায় বিদ্যালয়ের সামনের মাঠটি ব্যবহার করতে হয়েছে। চেয়েছিলাম বন্ধের মধ্যেই কাজটি শেষ করব, কিন্তু শ্রমিক সংকট ছাড়াও মাটি পরীক্ষার কারণে বিলম্ব হয়েছে। দ্রুত আবার কাজ শুরু করবেন বলে জানান ঠিকাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ‘বিষয়টি জানার পর প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলেছি।’