চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতরা হলেন দোভাগী গ্রামের আসাদুর রহমানের ছেলে রয়েল রহমান ও মনোহরপুর হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাদ হোসেন পটল।
স্থানীয় জনপ্রতিনিধিরা এই তথ্য নিশ্চিত করলেও বিজিবি জানিয়েছে, তাদের কাছে হত্যার নিশ্চিত কোনো তথ্য নেই।
দুর্লোভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু ও সাবেক চেয়ারম্যান নাজমুল কবীর মুক্তাসহ স্থানীয় আরও কয়েকজন জানান, বুধবার দিবাগত রাতে রয়েল ও পটলসহ কয়েকজন গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে।
সীমান্ত পিলার এস ১৬/৫ এর কাছ থেকে প্রায় আড়াই কিলোমিটার ভারতীয় অংশে বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তারা। অন্য সহযোগীরা তাদের মরদেহ নিয়ে এসে গোপনে দাফন করেছে।
তবে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এখলাসুর রহমান জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনা স্থানীয়দের কাছ থেকে শোনা গেছে, তবে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। যারা মারা গেছে বলে শোনা যাচ্ছে তাদের পরিবারের কেউ বিজিবির কাছে স্বীকারও করেনি।