ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে, বেড়েছে দাম

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ১০দিনের ব্যবধানে পেঁয়াজ আমদানি কমেছে তিন গুন।

ফলে বেনাপোল সহ স্থানীয় বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ-আমদানি ও সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে জানান বিক্রেতারা।

দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল, শার্শা নাভারন, বাগআঁচড়া ও গোগাসহ স্থানীয় বাজারে ভারতীয় পেঁয়াজ ১৪ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮ থেকে ৩২টাকা।

দেশি পেঁয়াজ ২২টাকা থেকে বেড়ে ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি ও বিদেশেী পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস বেড়েছে ক্রেতাদের। স্বল্প আয়ের মানুষেরা পড়ছেন বিপাকে। দাম কমানোর দাবি তাদের।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানায়, ভারত সরকার গত মাসে সে দেশের পেঁয়াজ রপ্তানিকারকের প্রণোদনা বন্ধ করে দেয়। ফলে বেনাপোল স্থলপথে পূর্বে এলসির পেঁয়াজ আমদানি সচল থাকে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ মান ভেদে ১২০/১৫০ থেকে ২০০মার্কিন ডলারে আমদানি করা হয়। চলতি মাস থেকে কমে যায় পেঁয়াজ আমদানি। বেড়ে যায় দাম। তবে আমদানি ও সরবরাহ বাড়লে দাম কমার আশা ব্যবসায়ীদের।   

বেনাপোল বন্দর পরিদর্শক নজরুল ইসলাম জানান, গত জুন মাসে শেষের ১০দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় ১ হাজার ৭শ ৭০ মেট্রিক টন। আর গত ৯ দিনে পেঁয়াজ আমদানি হয়েছে ৪শ ৫৯ মেট্রিক টন।

তবে ভোমরা, হিলিসহ অন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছেন বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

ভোমরা বন্দরের পেঁয়াজ আমদানিকারক ফারুক হোসেন জানান, পেঁয়াজ আমদানি ও দাম স্বাভাবিক রয়েছে। গত ২দিন আগেও দাম ছিল কম। এসব ব্যবসায়ীদের কারসাজি হতে পারে বলেও জানান তিনি ।