ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের নতুন ইতিহাস

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন কীর্তি গড়লেন মিচেল স্টার্ক। বৃহস্পতিবার এজবাস্টনে জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে ইতিহাসে নাম লিখেন এই অস্ট্রেলিয়ান পেসার।

এদিন ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াকে। তবে বিদায় নেওয়ার আগে স্টার্ক ভেঙেছেন গ্লেন ম্যাকগ্রার বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটে শিকারের বিশ্ব রেকর্ড।

বাঁ-হাতি পেসার স্টার্ক সর্বমোট ২৭ উইকেট নিয়ে থামলেন। এর আগে এক আসরে ২৬ উইকেটে নিয়ে সবার ওপরে ছিলেন ম্যাকগ্রা। তবে সেমিফাইনাল থেকে দলের বিদায়ে স্টার্ক যে হাসতে পারছেন না তা বলাই যায়।

২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেটে শিকার করেছিলেন ম্যাকগ্রা। সেবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আসরে ২৩টি করে উইকেট নিয়েছিলেন শন টেইট ও মুত্তিয়া মুরালিধরন। এই দুজনের সঙ্গে চামিন্দা ভাস এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন। ভাস ২০০৩ বিশ্বকাপে ২৩ উইকেট নিয়েছিলেন।