প্রাণনাশের হুমকি দিয়ে ১৬ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের (৬২) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মিল্লাত হোসেন এ আদেশ দেন। গতকাল সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার এজাহার থেকে জানা গেছে, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সুফিয়া আক্তার নামে এক নারী আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তাজুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা করেন। অন্য আসামিরা হলেন ব্রাঞ্চ কন্ট্রোলার ও ব্যবস্থাপক লাকী খাতুন (৩২), শাখা ব্যবস্থাপক মো. দ্বীন মোহাম্মদ (৪২) এবং নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন (৩৫) ও ব্যাংকের উপদেষ্টা মো. নুরুন্নবী (৬৫)। এজাহারে বলা হয়েছে, ২০১০ সালের ২০ অক্টোবর থেকে আজিজ কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নবাবপুর শাখা অফিসে বিভিন্ন মেয়াদে ওই নারী ১৬ লাখ ৬৩ হাজার ৩৩৫ টাকা জমা রাখেন।