ইংল্যান্ডে বিশ্বকাপের সংবাদ কাভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন ধরে। শেষ পর্যন্ত জীবনের সঙ্গে লড়াইয়ে হার মানলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও মুক্তিযোদ্ধা অজয় বড়ুয়া। ভিন দেশ থেকেই চলে গেলেন পর পাড়ে।
প্রায় দুই সপ্তাহ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পরলোকগমন করেন দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত থাকা অজয় বড়ুয়া। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০। কর্মরত ছিলেন দৈনিক সংবাদে স্পোর্টস এডিটর হিসেবে। ১৯৭৪ সাল থেকে পত্রিকাটিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন অজয়। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
ক্রীড়া সাংবাদিকতার আগে ক্রীড়াবিদ ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেলাধুলায় অবদান রাখায় সম্মানসূচক ব্লু পেয়েছেন। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদকও ছিলেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলতেন অজয় বড়ুয়া।
স্বাধীনতার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করা অজয় বড়য়া স্বাধীনতার পর ক্রীড়া সাংবাদিকতাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন। দেশের ক্রীড়াঙ্গন ও মিডিয়ার অনেক ইতিহাসের প্রত্যক্ষদর্শী তিনি। তার হাত ধরে দেশের অনেক ক্রীড়া সাংবাদিক তৈরি হয়েছে।
লন্ডন প্রবাসি অজয় বড়ুয়ার ছেলে টুটুল জানিয়েছেন, দ্রুত তার বাবার মরদেহ দেশে এনে শেষকৃত্য সম্পন্ন করা হবে।