ভারতের শ্রেষ্ঠত্ব ধরে এবারের বিশ্বকাপের ফাইনালের অধিকাংশ টিকিটই কিনে রেখেছিল দেশটির ক্রিকেট সমর্থকরা। কিন্তু সেই অনুযায়ী কিছু হলো না। সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বিরাট কোহলিদের। কিন্তু তাদের সমর্থকদের হাতে টিকিট থাকায় বিপাকে পড়েছে ইংল্যান্ড ও কিউই সমর্থকরা। তাই টিম ইন্ডিয়ার সমর্থকদের প্রতি জেমস নিশামের আহ্বান তারা যেন ফাইনালের টিকিট ফেরত দিয়ে দেন।
ঐতিহ্যবাহী লর্ডসে রোববার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে ২৩ বছরের মধ্যে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
দলের প্রতি অতি আত্মবিশ্বাস দেখিয়ে ফাইনালের মোটামুটি অর্ধেক টিকিটই কিনে রেখেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু যেখানে নিজের দলই ফাইনালে উঠতে পারেনি, সেখানে ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে কী লাভ? টিকিট কেনা অধিকাংশ ভারতীয় তাই লর্ডসে ফাইনাল দেখতে আসবেন না, এমন আশঙ্কা করছেন অনেকে।
অন্যদিকে, ফাইনালের টিকিট পেতে হন্যে হয়ে ঘুরছেন নিউজিল্যান্ড সমর্থকরা। ব্যাপারটি নজরে এসেছে নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার জেমস নিশামের। টুইটারে ভারতীয় সমর্থকদের তার আহ্বান, তারা যদি ম্যাচ দেখতে না আসেন, তাহলে যেন টিকিটগুলো আইসিসির কাছে ফেরত দিয়ে দেন।
“প্রিয় ভারতীয় সমর্থকবৃন্দ, আপনারা যদি ফাইনাল ম্যাচ মাঠে এসে দেখতে না চান, তাহলে অনুগ্রহ করে অফিশিয়াল প্ল্যাটফর্মে টিকিটগুলো আবার বিক্রি করে দিন। আমি জানি অতিরিক্ত লাভ করতে অনেক ভালো লাগে, কিন্তু অন্তত এক দিন লাভের কথা চিন্তা না করে ক্রিকেট ভক্তদের ফাইনাল ম্যাচটা দেখার সুযোগ করে দিন!”