বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কি জনগণকে অবহেলা করা নয়? গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গুম হত্যা ধর্ষণের মহামারীর কবলে বাংলাদেশ, আতঙ্কিত নাগরিক জীবন, সরকারের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ প্রশ্ন তোলেন তিনি। ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ এ সভার আয়োজন করে।
আওয়ামী লীগ জনগণকে অবহেলা করে দেশ পরিচালনা করে না, বরং মানুষের কল্যাণে এবং সুখে-দুঃখে সব সময় পাশে থেকেছেÑ গত শুক্রবার দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এমন বক্তব্যেরও সমালোচনা করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে যা ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। এটা কি প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারবেন? অথচ দেশের সংবিধান জনগণকে ভোটাধিকার দিয়েছে। প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের ব্যবহার করে জনগণের অধিকার লুট করে নিয়ে গেছে।