ব্যক্তিগত তথ্যের বাণিজ্যিক ব্যবহার

ফেইসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুককে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহারের ঘটনায় ৫০০ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৪ সাল থেকে ফেইসবুকের এসব তথ্য হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত ও অপব্যবহারের অভিযোগ নিয়ে এফটিসি ২০১৮ সালের মার্চ থেকে তদন্ত শুরু করে।

কমিশনে ৩-২ ভোটে এ জরিমানার বিষয়টি অনুমোদিত হয়। রিপাবলিকান কমিশনাররা এ জরিমানার পক্ষে থাকলেও ডেমোক্র্যাটরা ছিলেন বিপক্ষে। ডেমোক্র্যাটরা ফেইসবুকের ওপর আরও কঠোর নীতি আরোপের পক্ষে ছিলেন।

যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রক সংস্থার (এফটিসি) কমিশনাররা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা

রক্ষার ব্যর্থতায় ফেইসবুককে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা করেন। তবে এই জরিমানা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফেইসবুক ও এফটিসি কর্র্তৃপক্ষ।

তবে এফটিসি জরিমানা করলেও এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল বিভাগ। চূড়ান্ত ওই সিদ্ধান্ত আসতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়।

শেষ পর্যন্ত এই ৫০০ কোটি ডলার বহাল থাকলে, তা হবে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এফটিসির আরোপ করা সর্বোচ্চ জরিমানা। গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা ফেইসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করেছিল। যুক্তরাষ্ট্রে জরিমানার পরিমাণ ৫০০ কোটি ডলার হতে পারে বলে আগেই অনুমান করেছিল ফেইসবুক কর্র্তৃপক্ষ।

লন্ডনভিত্তিক কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছিল। তারা একটি অ্যাপের মাধ্যমে কয়েক কোটি ফেইসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে তা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের কৌশল নির্ধারণে কাজে লাগিয়েছিল বলে পরে ফাঁস হয়।

যুক্তরাষ্ট্রের সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাতের ঘটনায় এফটিসি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এখন সময় এ বিষয়ে কংগ্রেসের কী করার আছে তা দেখার।’