গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আব্দুল হক নামে এক মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল শনিবার সকালে সাতকুড়া এলাকার সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শিক্ষককে মারধরের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিয়ে তিন বখাটেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ভাইকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সিলেটের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে নারী পর্যটকদের উত্ত্যক্তের অভিযোগে নেত্রকোনা থেকে আব্দুল বারী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
গাজীপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর : ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় কালিয়াকৈরের সাতকুড়া
এলাকার সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হককে মারধর করেছে বখাটেরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একই মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে।
শিক্ষককে মারধরের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিয়ে তিন বখাটেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটকরা হলোÑ কোটবাড়ী এলাকার সেলিম হোসেনের ছেলে শাকিব হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে পায়েল মিয়া এবং পাশের পাইকপাড়া এলাকার আওয়াল হোসেনের ছেলে আশিকুর রহমান।
ওই মাদ্রাসার সুপার আব্দুল মালেক আমজাদি দেশ রূপান্তরকে জানান, কয়েকজন ছাত্রী মাদ্রাসার টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় বহিরাগত চার বখাটে মাদ্রাসার সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। তখন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আমিনুর ইসলাম প্রতিবাদ করলে বখাটেরা তাকে চড়-থাপ্পড় মারে। এ সময় আব্দুল হক ছাত্রীদের উত্ত্যক্ত এবং ছাত্রকে চড়-থাপ্পড়ের প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিন বখাটেকে আটক করে। পরে দুপুরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার অধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল উদ্দিন জানান, এ ঘটনায় মাদ্রাসা কর্র্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে।
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে জখম : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে জখম এবং বোনের কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে রূপসদী দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই ভাইকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীরা দেশ রূপান্তরকে জানান, উত্ত্যক্তের শিকার ওই তরুণীর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া গ্রামে। ওই তরুণী তার দুই ভাইয়ের সঙ্গে রূপসদী দক্ষিণ পাড়ায় নানাবাড়িতে যাচ্ছিলেন। এ সময় রূপসদী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম নজুর ছোট ভাই মোহন মিয়া তরুণীর গায়ে ধাক্কা দেয়। এতে তার সঙ্গে থাকা ছোট দুই ভাই নোমান হোসেন (২৩) এবং নাছির উদ্দিন নয়ন (১৭) প্রতিবাদ করেন। তখন মোহন ও তার লোকজন দুই ভাইকে কিল-ঘুসি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নেত্রকোনায় নারী পর্যটককে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক : সিলেটের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে নারী পর্যটকদের উত্ত্যক্তের অভিযোগে আব্দুল বারী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলার খাসকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।
আটক আব্দুল বারী নিজেকে স্থানীয় নেত্রকোনার আলো ডটকম নামে নিউজ পোর্টালের সাংবাদিক বলে দাবি করেছেন। তবে ওই নিউজ পোর্টালটির সম্পাদক বলেছেন, আব্দুল বারী তাদের কর্মী নন।