তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। এ সফরের মধ্য দিয়ে সিউলের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, লি নাক-ইয়ুনের এবারই প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশি এবং কোরিয়ান
ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন লি নাক-ইয়ুন। আজ সকালে লি নাক জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে সাভার ইপিজেডে তিনি হাইটেক স্পোর্টসওয়্যার পরিদর্শন করবেন। এরপর তিনি রাজধানীর মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন। এদিন দুপুরেই কোরিয়ান ব্যবসায়ীদের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধ্যাহ্ন ভোজ সারবেন। দুপুর ২টায় বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ কোরিয়া বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন। বিকেল চারটায় প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।
এই সফর সম্পর্কে এ কে মোমেন দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্বাধীনতার পরে ১৯৭৩ সালে বাংলাদেশের কূটনৈতিক সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়। তবে ১৯৭৫ সালের শুরুর দিকে ঢাকায়নিজেদের প্রথম দূতাবাস স্থাপন করে। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগের আহ্বান জানাবে ঢাকা। তিনি আরও বলেন, দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্পর্কের নতুন ক্ষেত্র খুঁজে বের করাই তার এ সফরের লক্ষ্য। আবদুল মোমেন বলেন, দেশের আইটি সেক্টরের আরও উন্নতির জন্য কোরীয় কারিগরি সহায়তা কামনা করব। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে কোরিয়ার সহায়তা কামনা করবে। তিনি বলেন, আমরা রোহিঙ্গা ইস্যুটি নিয়ে অবশ্যই আলোচনা করব। সকলের সঙ্গে আলোচনায় এই ইস্যুটি স্থান পাচ্ছে। এখানেও এটি আলোচনায় স্থান পাবে। আমরা রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা কামনা করব।