নুসরাত হত্যা মামলা

মাদ্রাসায় সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব নাকচ করে দেন সিরাজ

নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য ও পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুনসহ দুজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

রবিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এ মামলায় এখন পর্যন্ত মামলার বাদী মাহমুদুল হাসান নোমানসহ ১৫ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন।

মামলায় বাদী পক্ষের কৌঁসুলি এম. শাহজাহান সাজু বলেন, বিজ্ঞ আদালতে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য ও পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন ও একই মাদ্রাসার দপ্তরি মো. ইউসুফ আদালতে সাক্ষ্য প্রদান করেন। পরে আসামি পক্ষের কৌঁসুলিরা তাদের জেরা করেন। আদালত ১৫ জুলাই (সোমবার) মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন, চালক নুরুল করিম ও সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াছিনকে আদালতের উপস্থিত থেকে সাক্ষ্য প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।

সাক্ষ্য প্রদান কালে শেখ আবদুল হালিম মামুন বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির একাধিক বৈঠকে আমি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব করি কিন্তু অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তা সরাসরি নাকচ করে দেন। অধ্যক্ষের কার্যালয় শিক্ষক মিলনায়তনের পাশ থেকে সাইক্লোন সেল্টারে নিয়ে যাওয়ারও বিরোধিতা করি। কিন্তু কোন কাজ হয়নি। ’

গত ২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পর্যায়ক্রমে নুসরাতের বান্ধবী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা, মাদ্রাসার পিয়ন নুরুল আমিন, নৈশ প্রহরী মো. মোস্তফা, কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকা দোকানদার জসিম উদ্দিন ও কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদ, নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান, জহিরুল ইসলাম, হল পরিদর্শক বেলায়েত হোসেন, নুসরাতের মা শিরিন আখতার ও শিক্ষক আবুল খায়ের আদালতে সাক্ষ্য প্রদান করেন।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত জাহান রাফি।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।