২০১৮-১৯ অর্থবছরে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল রবিবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে ৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ৩০ জুন যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৮৯ পয়সা।
২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়। প্রথম দিনেই প্রাথমিকভাবে বরাদ্দ করা সব ইউনিট বিক্রি হয়ে যায়। শুরু থেকে ৩০ জুন পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। অপরদিকে আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, ডিএসইএক্স পতন হয়েছে ৭ শতাংশ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, গত অর্থবছরে পুঁজিবাজার খুব একটা ভালো না থাকার কারণে ফান্ড পরিচালনায় অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভালো রিটার্ন দেওয়ার। এ সময়ে পুঁজিবাজারের পারফরম্যান্স পর্যালোচনা করলে ১২ শতাংশ রিটার্ন বিনিয়োগকারীদের আশা পূরণ করবে। ভবিষ্যতেও বিনিয়োগকারীদের আকর্ষণীয় রিটার্ন দেওয়ার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা অব্যাহত থাকবে।