জি ফাইভের অরিজিনালে কৌশিক গাঙ্গুলি

ওয়েব অরিজিনাল ‘শরতে আজ’, ‘কালী’ এবং ‘দ্য লাভলী মিসেস মুখার্জি’র সাফল্যের পর জনপ্রিয় অনলাইন বিনোদন অ্যাপ জি ফাইভে আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে ‘সাত নম্বর সনাতন সান্যাল’-এর। এর গল্প ও পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। তবে ভক্তদের জন্য সবচেয়ে আগ্রহের বিষয় হলো কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনয়শিল্পী কৌশিক গাঙ্গুলির ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রথম অভিষেক হচ্ছে। এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও রয়েছেন শাওলী চ্যাটার্জি, শিলাজিৎ মজুমদার, সোহেব ভট্টাচার্য, দেবদূত ঘোষ, বিভাস চক্রবর্তী, অধিকারী কৌশিক ও সোহম মিত্র।  ‘সাত নম্বর সনাতন সান্যাল’ সিনেমাটি ৪৫ বছর বয়সী বিক্রয় প্রতিনিধি সনাতন সান্যালের কৌতূহল-উদ্দীপ্ত হত্যারহস্য নিয়ে নির্মিত। কৌশিক গাঙ্গুলি বলেন, ‘একজন সাধারণ মানুষের এই গল্পকে পৃষ্ঠপোষকতা করার জন্য জি ফাইভকে ধন্যবাদ জানাচ্ছি।'