গানেও নিজেকে তুলে ধরতে চাই

এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী

 

শাহতাজ মুনিরা হাশেম। এক সময় অনেক বেশি কাজ করলেও এখন বেছে বেছে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ অভিনয়ে মনোযোগী...

আমার শুরুটা মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপন দিয়ে শুরু হলেও তাতে দারুণ একটি গল্প ছিল। সে হিসেবে আমার শুরুটা কিন্তু অভিনয় দিয়েই। কিন্তু মাঝে অভিনয় নিয়ে খুব বেশি মনোযোগী ছিলাম না। তাইতো কলকাতার বড় ব্যানার থেকে সিনেমার প্রস্তাব এলেও আমি ‘না’ করে দিয়েছিলাম। তবে এখন নাটকে মনোযোগী হয়েছি। আসছে ঈদ উপলক্ষে ইতিমধ্যে তিনটি নাটকে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। আরও দুটি নাটকে কাজের প্রস্তাব পেয়েছি। গল্প ভালো লাগলে কোরবানির ঈদে মোট পাঁচটি নাটকে দেখা যাবে আমাকে।

মিউজিক ভিডিওকে ‘না’...

ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু সাড়া জাগানো মিউজিক ভিডিওতে অভিনয় করলেও এখন মিউজিক ভিডিওতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি যখন মিউজিক ভিডিওতে কাজ করেছি তখন খুবই নির্বাচিত কিছু শিল্পীর গানে নির্বাচিত মডেলরা কাজ করতেন। গানের মেজাজের সঙ্গে মিল রেখে একটি চমৎকার গল্প ফুটিয়ে তোলা হতো। তাতে অভিনয়ের অনেক সুযোগ ছিল। আমি যেহেতু অভিনেত্রী তাই এ ধরনের কাজে স্বাচ্ছন্দ্যবোধ করতাম। কিন্তু এখন অহেতুক মডেলরা ছোট কাপড় পরে নানা ধরনের অঙ্গিভঙ্গি করে, গানের মেজাজের সঙ্গে যার কোনো মিল নেই। তাছাড়া এখন এত বেশি মিউজিক ভিডিও হচ্ছে যে কে কোনটা করছে তা কেউ খেয়াল করতে পারছে না। বাজেটও অনেক কমে গেছে।

নিজস্ব ইউটিউব চ্যানেল

অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে তুলে ধরতে চাই। ইন্টারন্যাশনাল আর্টিস্টদের মতো ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানেই নিজের কাজগুলো নিয়মিত প্রকাশ করব।

উচ্চারণ নিয়ে ট্রোল...

ক্যারিয়ারের শুরু থেকেই আমি কাজের জন্য দর্শকের অনেক বেশি সাপোর্ট পেয়ে আসছি। কিন্তু আমার বাংলা উচ্চারণ নিয়ে কিছু মানুষ সব সময় হাস্যরসের জন্ম দেয়। ছোটবেলা থেকেই আমি ঘরে মানুষ হয়েছি। স্কুলিং সে রকমভাবে পাইনি। সারা দিন বাসায় নিজের মতো করে থাকতাম আর কার্টুন দেখতাম। কার্টুন দেখতে দেখতেই আমার বাংলার মধ্যে ইংরেজি উচ্চারণটা ঢুকে গেছে। ফলে বাংলায় সমস্যাটা তৈরি হয়েছে। তবে আমি বাংলা উচ্চারণ পুরোপুরি রপ্ত করতে সার্বক্ষণিক মায়ের সহযোগিতা নিচ্ছি। তিনি সব সময় আমাকে বাংলায় কথা বলতে বলেন।