একদিকে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, অন্য দিকে উইম্বলডন টেনিসে পুরুষ এককের শিরোপার লড়াই। দুই ফাইনালেই রোমাঞ্চের পর রোমাঞ্চ। ক্রিকেটে ইংল্যান্ডের শিরোপা উৎসবের দিনে উইম্বলডন জিতে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। হারালেন রজার ফেদেরারকে।
সুপার সানডেতে সুপার টেনিস! যা কিছুই লেখা হোক, এ ফাইনালের বর্ণনায় তা অপর্যাপ্ত। অল ইংল্যান্ড ক্লাব কোর্টে ২০১৪ সালের স্মৃতি ফিরিয়ে আনলেন রজার ফেদেরার এবং নোভাক জকোভিচ। সেদিনও ফাইনাল পাঁচ সেটে গড়িয়েছিল। এবং মহাকাব্যিক লড়াইটা জিতে নিয়েছিলেন জকোভিচই।
এবার ৪ ঘণ্টা ৫৫ মিনিটের লড়াই ৭-৬(৭/৫), ১-৬, ৭-৬(৭/৪), ৪-৬, ১৩-১২(৭/৩) জিতেছেন জকোভিচ। জকোভিচের এটি ছিল ১৬তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। উইম্বলডনে পঞ্চম। ফেদেরার থেমে রইলেন কুড়িতেই।
ঘাসের কোর্টে শুরু থেকেই দুরন্ত লড়াইয়ে মেতে ওঠেন দুই তারকা। প্রথম সেট টাইব্রেকারে গড়ায়। জকোভিচ ৭-৬(৭-৫)-এ প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটে অবশ্য সার্বিয়ান তারকা পাত্তা পাননি। ফেদেরার ৬-১-এ উড়িয়ে দেন তাকে।
তৃতীয় সেট আবার ঘুরে দাঁড়ান জকোভিচ। জিতে নেন ৭-৬(৭-৪)-তে। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-৪-এ জেতেন ফেদেরার। ফাইনাল গড়ায় পঞ্চম সেটে। এবং অনবদ্য সেই লড়াই ১৩-১২(৭/৩) জিতে ঘাসের কোর্টে শিরোপা জেতেন জকোভিচ।