বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ

ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ৮ ঘণ্টা ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য।

বেনাপোল বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল সে দেশের বিভিন্ন সংগঠনের মাঝে।

বেশ ক’টি আল্টিমেটাম দেওয়ার পর সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দু দেশের মধ্যে বন্ধ করে দেয় আমদানি রপ্তানি বাণিজ্য। ফলে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি বাণিজ্যিক সকল কাজকর্ম।

এর আগে বেনাপোল হাউসে দুপুরের দিকে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম।

বক্তব্য রাখেন, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, সহকারী কমিশনার উত্তম চাকমা, অ্যাসোসিয়েশন’র সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, খাইরুজ্জামান মধু, আলহাজ্ব মহসিন মিলন। সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।      

তবে বেনাপোল বন্দরে কাজকর্ম ছিল স্বাভাবিক। সকাল থেকে মালামাল ওঠা নামা ও খালাশ হয়েছে। 

ভারতীয় ট্রাক ড্রাইভার অসিত বিশ্বাস বলেন, আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানি হতে হয় তারা বকশিশ এর নামে জোর করে টাকা আদায় করে । এ সব সমস্যা সমাধান না হলে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।