ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (আইইপিজেড) বাংলাদেশ ও চীন যৌথভাবে ১৪ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করছে। এম/এস গোল্ডেন ওশান লিমিটেড নামের একটি যৌথ মূলধনী কোম্পানি তৈরি পোশাক শিল্প সরঞ্জাম কারখানা স্থাপনে বিনিয়োগ করবে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা) ও গোল্ডেন ওশান লিমিটেডের মধ্যে এক চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান ও এম/এস গোল্ডেন ওশানের পরিচালক আমিন নার্গিস দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
প্রতিষ্ঠানটি বছরে ৬ কোটি ৫০ লাখ গজ ইলাস্টিক, রিবন, সোলাসিস, ফোল্ডার ইলাস্টিক এবং জাকুয়ার্ড ইলাস্টিক উৎপাদন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া প্রতিষ্ঠানটি ৯২ বাংলাদেশির কর্মসংস্থান করবে।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর উপস্থিত ছিলেন।