চুয়াডাঙ্গায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আবদুল হাকিম (৪২) নামে একজন গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার দামুড়হুদার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। বোমায় আবদুল হাকিমের বসতঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধান্যঘরা গ্রামের আবদুল হাকিমের বসতঘরে বোমা বিস্ফোরণের বিকট শব্দ হয়। বিস্ফোরণে ওই ঘরের টিনের চালা উড়ে যায়। পরে স্থানীয়রা ঘর থেকে ক্ষতবিক্ষত হাকিমকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। পরে জখম আবদুল হাকিমকে পাঠানো হয় হাসপাতালে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আবদুল হাকিমের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী বা ঢাকায় রেফার্ডের পরামর্শ দেওয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।