উল্লাপাড়ার সলপে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ১০ যাত্রী নিহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়।
কমিটির অন্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়, রেলওয়ে মেডিকেল অফিসার এস কে রায়। এ তথ্য নিশ্চিত করে টুটুল বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সলপ রেলস্টেশনের পূর্বপাশের অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় বর-কনেসহ বিয়ের মাইক্রোবাসের নয়জন ঘটনাস্থলে এবং হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।