রাজধানী ঢাকার পর গাজীপুর মহানগরীতেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে। গত ১৫ দিনে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বেশকিছু রোগী ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত গত ১৫দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ২২জন রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
তাদের মধ্যে ১৭জনকে প্রাথমিক চিকিৎসা, একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড ও চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ চারজনের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ।
ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই গাজীপুর জেলা শহরের আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সিও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে ঢাকা ও গাজীপুরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগরীতে মশার ওষুধ প্রয়োগের জন্য মাত্র ১০টি ফগার মেশিন রয়েছে। ৫৭টি ওয়ার্ডের এ বিশাল মহনগরীর জন্য আরো ফগার মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো জানান, ডেঙ্গু দমনে গাজীপুর সিটির আলাদা কোন প্রস্তুতি নেওয়া না হলেও বছরের অন্য সময়ের মতো মশা নিধনের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। সিটির পক্ষ থেকে লিফলেট ছাপাতে দেয়া হয়েছে। ছাপা হলেই প্রচারণা চালানো শুরু করা হবে।
তিনি নগরবাসীকে আতংকিত না হয়ে বাড়ির আশপাশ ও নোংড়া পানি, ময়লা-আবর্জনা এবং মশা জন্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।