সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের ঘাটিনা এলাকার করতোয়া নদীর ওপরের ঘাটিনা রেলসেতুর খাঁচার সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে অজ্ঞাত এক তরুণ (২৪) নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন থেকে ছেড়ে গিয়ে ঘাটিনা রেলসেতু পার হওয়ার সময় সেতুর ওপরের লোহার খাঁচায় ধাক্কা লেগে ওই ট্রেনের ছাদ থেকে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে দুপুরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঘাটিনা গ্রামের ময়নুল হোসেন, আরিফুল ইসলাম, নাঈম আহমেদ জানান, ট্রেনের ছাদে থাকা ওই তরুণ এ সময় ট্রেনের ওপর দিয়ে হেঁটে পেছনের দিকে যাচ্ছিলেন।