এ বছরও আলিম পরীক্ষার ফলাফলে এ প্লাস প্রাপ্তিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ২০৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০৪ জন পাস করেছেন। এর মধ্যে ‘জিপিএ ৫’ পেয়েছেন ৯১ জন। বাকিরা সবাই ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৮ এবং সাধারণ বিভাগ থেকে ৬৩ জন শিক্ষার্থী ‘জিপিএ ৫’ পেয়েছেন।
ফল প্রকাশের পর গতকাল বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে উল্লাসে ফেটে পড়েন উত্তীর্ণ শিক্ষার্থীরা। আলিমের ফলপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবকসহ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী আনন্দে মেতে ওঠেন।
১৯৫৬ সালে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ মাদ্রাসা) প্রতিষ্ঠা করেন হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)। এ মাদ্রাসাটিতে অনার্স-মাস্টার্স পর্যায়ে লেখাপড়ার সুযোগ রয়েছে। দাখিল, আলিম, ফাজিল ও কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে দেশের শীর্ষস্থান অর্জনকারী শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে এ মাদ্রাসাটি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ছালেহ জানান, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন এবং অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করে আসছে।