পুরান ঢাকার নিউ ক্যাফে কর্নার

প্রায় ৭০ বছর ধরে পুরান ঢাকার মানুষের কাছে জনপ্রিয় এক রেস্তোরাঁ ‘নিউ ক্যাফে কর্নার’। দীর্ঘদিনের সেই চিরচেনা সেই স্বাদ ধরে রেখেছে রেস্তোরাঁটি। কথিত আছে, কবি জসীমউদদীন, শামসুর রাহমানের মতো বিখ্যাত মানুষরাও নাকি খেতে আসতেন এখানে। এই রেস্তোরাঁর জনপ্রিয় আইটেম হলো ক্রামচাপ। রেস্তোরাঁর শুরু থেকেই এই আইটেমটি রয়েছে খাবার তালিকায়। খাসির মাংসের কাটলেটের মতো খাবারটি পরিবেশন করা হয় গরম-গরম পাউরুটির সঙ্গে। ১২৫ টাকায় মিলবে ব্রিটিশদের অত্যন্ত পছন্দের এই খাবারটি। এ ছাড়া সকালের নাশতা করতে চলে যেতে পারেন। মাত্র ১৫ টাকায় পাবেন পরোটা ও ডালভাজি। চাইলে পরোটার সঙ্গে নিতে পারেন ডিম কিংবা খাসির ভুনা। খাসির ভুনা পাবেন ৭০ টাকায়। দুপুর ও রাতের খাবার তালিকায় রয়েছে মোরগ পোলাও। দাম পড়বে ১১০ টাকা। নাশতা আইটেমে থাকছে আলুর চপ, মোগলাই পরোটা, কাটলেট, চিংড়ি ফ্রাই, চিকেন ফ্রাই ও ফিশ ফ্রাই।  দাম পড়বে মাত্র ১০ থেকে ১০০ টাকার মধ্যেই। মজার ব্যাপার হলো, রেস্তোরাঁটির শুরু থেকেই এই আইটেমগুলো চলছে। যার স্বাদ রয়েছে আগের মতোই। রেস্টুরেন্টে খেতে আসা হৃদয় হোসেন নামের একজন জানান, ছোটবেলা থেকেই তিনি এখানকার আলুর চপের ভক্ত। ২০০৫ সালে তিনি জুবিলী স্কুল থেকে এসএসসি পাস করেন। তখন তিনি টিফিন পিরিয়ডে এসে তিন টাকা দিয়ে আলুর চপ কিনতেন। এখন সেই আলুর চপ  কেনেন ১০ টাকায়। শুধু দামটাই বাড়ছে, কিন্তু স্বাদ আগের মতোই আছে।’  বেশ পুরনো একটি দোকান ঘর। ছোট ছোট কয়েকটি চেয়ার-টেবিলে ২৫ থেকে ৩০ জনের বসার ব্যবস্থা। সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় পুরান ঢাকার অধিকাংশেরই পছন্দের তালিকায় রয়েছে এই রেস্তোরাঁটি। সকাল সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকে। রেস্তোরাঁর ম্যানেজার মো. আরাফাত হোসাইন জানান, বেশির ভাগ সময়ই ক্রেতাদের ভিড় লেগেই থাকে। তবে সকালে অফিস টাইমে আর সন্ধ্যায় সবচেয়ে বেশি ভিড় হয়।

ঠিকানা : ২৮, নর্থ ব্রুক হল রোড, ঢাকা। ফোন : ০১৯৬৬৪১০৫৮২।