রাজশাহীতে স্ত্রীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করার অপরাধে আয়নাল হক (৩০) নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচএম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আয়নাল হক রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে। ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করেন। ঘটনার দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ নিয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। জয়নালের বাড়ি পবা উপজেলার মদনহাটি গ্রামে। মামলায় ২০ জনকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন। এর ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে তিনি সন্তুষ্ট।
রায় ঘোষণার সময় আসামি আয়নাল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আয়নালের মা শাহেদা বেগম দাবি করেন, ছেলের সাজা কমানোর জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।