২০১৪ সালে ‘কিক’ সিনেমাতে নেচে-গেয়ে সালমান খান জানালেন জ্যাকুলিন ফার্নান্দেজের ওপর তার ‘হ্যাংওভার’-এর কথা। জ্যাকুলিন ফার্নান্দেজ নিজেও গানে গানেই সম্মতি জানান। এখন সব দেখেশুনে মনে হচ্ছে, শ্রীলঙ্কার সুন্দরীর ওপর সালমান খানের ‘হ্যাংওভার’ কাটেনি। প্রথমটির মতো ‘কিক টু’ সিনেমা পরিচালনা ও প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি নাকি ‘কিক টু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নতুন মুখ যোগ করতে চেয়েছিলেন। আর তার প্রথম পছন্দ ছিল বিশ^সুন্দরী মানুষি চিল্লার। কিন্তু কোনো অদুশ্য কারণে তা হয়নি। অনেকে সেই অদৃশ্য কারণের নাম দিয়েছেন ‘সালমান খান’। এখন শোনা যাচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। এর পেছনে যে সালমান খানের সঙ্গে তার বন্ধুত্ব মুখ্য ভূমিকা পালন করেছে, তা বলার অপেক্ষা রাখে না।
সাধারণত বলিউডের শীর্ষ নায়িকাদের একই সিনেমার সিকোয়ালে দেখা যায় না। কিন্তু জ্যাকুলিন ফার্নান্দেজ ব্যতিক্রম। তাই বড় পর্দায় আবারও সালমান খান ও জ্যাকুলিনের রসায়ন দেখবেন দর্শক। ডেকান ক্রনিকলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিক টু’ সিনেমার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, “জ্যাকুলিন ফার্নান্দেজ ছলে বলে কৌশলে ‘কিক টু’ হাতিয়ে নিয়েছেন। যেভাবেই হোক, তিনি এই সিনেমাটি চেয়েছিলেন। বন্ধু সালমান খানের মাধ্যমে তিনি সাজিদ নাদিয়াদওয়ালাকে রাজি করিয়েছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অন্য কাউকে এই সিনেমাতে নেওয়ার ভাবনা বা পরিকল্পনা বাদ দিতে হয়েছে পরিচালককে।”