বরিশালে সার্জেন্ট কিবরিয়া হত্যার বিচার দাবি

বরিশালে কাভার্ড ভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীকে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দোষীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানসহ ৫ দফা দাবিতে ওই মানববন্ধন করেছে স্ট্রিট বাইকার্স গ্রুপ।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল স্ট্রিট বাইকার্স সদস্য ওয়াহেদ রাব্বীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন সিমথি অধিকারী, মো. সোহেল রানা, হাসিবুল হাসান মিতুলসহ অন্যরা।

বক্তারা সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেওয়া স্থানে শহীদ সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্স নির্মাণের দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রকে কিবরিয়ার সন্তানের দায়িত্ব গ্রহণ, কিবরিয়া হত্যামামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান, অভিযুক্ত কাভার্ড ভ্যানের হেলপারের সম্পৃক্ততা থাকলে তাকেও আইনের আওতায় আনা এবং বরিশালসহ অন্য মেট্রোপলিটন এলাকায় গাড়ির নির্দিষ্ট গতিসীমা করে দেওয়ার দাবি জানান।