হজযাত্রীদের নিয়ে সিলেট থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দা গেল বিমানের একটি ফ্লাইট। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের বিজি ৩৩৩৭ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এটিই চলতি মৌসুমে সিলেট থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইট। এই ফ্লাইটে গেছেন ৪১৯ জন হজযাত্রী।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, প্রথম হজ ফ্লাইট সুষ্ঠুভাবে ছেড়ে গেছে। হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, এ বছর সিলেট থেকে মোট ১২৬০ জন হজযাত্রী সরাসরি সৌদি আরব যাবেন।