নুসরাত হত্যা আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ কবির আহাম্মদ এবং আলিম পরীক্ষার্থী ফাহমিদা আক্তার হামদুনা ও নাসরিন সুলতানা সাক্ষ্য দেন। দেশব্যাপী আলোচিত এই হত্যা

মামলায় এর আগে মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান, মা শিরিন আক্তার ও ছোট ভাই রাশেদুল হাসান রায়হানসহ ২৮ জনের সাক্ষগ্রহণ ও জেরা শেষ হয়েছে। গত ২৭ জুন থেকে এ মামলার সাক্ষগ্রহণ ও জেরা শুরু হয়।

ফেনীর জেলা জজ আদালতের পিপি হাফেজ আহাম্মদ দেশ রূপান্তরকে জানান, আদালত আগামী রবিবার মাদ্রাসার আলিম পরীক্ষার্থী তাহমিনা আক্তার, বিবি হাজেরা, আবু বকর ছিদ্দিক ও মো. আকবরের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। এরা নুসরাত হত্যা মামলার ২৯ থেকে ৩২ নম্বর সাক্ষী।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সিরাজ-উদ-দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।