সৌদি আরবে ৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারে ৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তর অংশে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা জানান, বিমানঘাঁটিতে আগে থেকেই অল্পসংখ্যক সেনা রয়েছে। তবে ওই ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং বিমানঘাঁটির উন্নয়নের জন্য আরও কিছু সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। বিমানঘাঁটিতে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টিলথ এফ-২২সহ অন্যান্য মডেলের জঙ্গিবিমান ওড়ানোর পরিকল্পনা ওয়াশিংটন নিচ্ছে বলেও ওই কর্মকর্তারা জানিয়েছেন। তবে নতুন সেনা মোতায়েনের ব্যাপারে পেন্টাগন এবং সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধির অংশ হিসেবে উপসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হুমকি মোকাবিলায় ওয়াশিংটন এই পদক্ষেপ নেওয়ার কথা বললেও তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরুর অভিযোগ এনেছে।