মালাইকা অরোরাকে ছাড়া ভাবাই যায় না বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’। পরপর দুই সিনেমায় যথাক্রমে ‘মুন্নি বদনাম হুয়া’ ও ‘ফেভিকল’ গানের মাধ্যমে দর্শকের হৃদয়ে ঝড় তোলেন তিনি। বর্তমান চলছে
তৃতীয় কিস্তির দৃশ্যায়ন। অনেক দিন ধরে জল্পনা চলছেÑ এই সিনেমায় মালাইকার আইটেম গান থাকছে কি না! নির্মাতারা সেই প্রশ্নের কোনো উত্তর না দিলেও অবশেষে মুখ খুললেন মালাইকা।
প্রভুদেবার পরিচালনায় ‘দাবাং থ্রি’তে বরাবরের মতোই প্রধান চরিত্রে আছেন সালমান খান ও সোনাক্ষী সিনহা। আর আইটেম গান নিয়ে হয়েছে অনেক চর্চা। এ বিষয়ে ভারতীয় একটি পত্রিকাকে মালাইকা জানান, আগের দুই কিস্তির বাকিরা থাকলেও নেই শুধু তিনি। তিনি বলেন, ‘না, আমি এই সিনেমার সঙ্গে যুক্ত নই। এর সঙ্গে যুক্ত অন্য সবাই কাজ করছে। আমি সিনেমাটির সঙ্গে জড়িত সবার জন্য শুভ কামনা করছি।’
এদিকে শোনা যাচ্ছে, এবারের পর্বে ‘মুন্না বদনাম হুয়া’ শিরোনামে মালাইকার আইটেম গানটির পুরুষ সংস্করণ যুক্ত হচ্ছে। যেখানে সালমানের সঙ্গে ড্যান্স ফ্লোরে ঝড় তুলবেন নবাগত ওয়ারিনা হুসাইন। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চল্লিশোর্ধ্ব ‘ছাইয়া ছাইয়া’ গার্ল বলেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভালো কিছু অনুষ্ঠান করতে চান, যা ভিন্ন ভিন্ন মাধ্যমে দেখা যাবে। স্বল্পদৈর্ঘ্য সিনেমাও হতে পারে এটি। সাবেক স্বামী আরবাজ খানের পাশাপাশি ‘দাবাং’-এর দুই কিস্তির প্রযোজনায় ছিলেন মালাইকা। বিবাহবিচ্ছেদের সূত্র ধরেই তিনি সিনেমাটির প্রযোজনা ও আইটেম গান থেকে বাদ পড়েন।