বিড়াল সাম্রাজ্যে হানা

হলিউড দর্শকরা এর আগে কমিক চরিত্র ‘ক্যাট ওম্যান’ দেখেছে সিনেমায়। এবার একেবারে বিড়াল সাম্রাজ্যে হানা দিতে চলেছে তারা। সদ্য প্রকাশিত ‘ক্যাটস’ সিনেমার ট্রেলারে দেখা গেল তার চুম্বক অংশ। যেখানে বিড়ালের অবয়বে হাজির হয়েছেন টেইলর সুইফট, ইদ্রিস এলবা, জেনিফার হাডসন, জেমস কর্ডেন ও জুডি ডেঞ্চের মতো আলোচিত তারকারা। জেলিকলস নামের বিড়াল গ্রোত্রের সংকটপূর্ণ এক রাতের কাহিনী গান-নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। অভিনয়শিল্পীরা পশমি পোশাক ও চাল-চলনে বিড়ালের অঙ্গ-ভঙ্গিমা ও অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন। হাল জামানার কারিগরি তাদের আরও নিখুঁত করে তুলেছে। যাকে বলা হচ্ছে, ডিজিটাল ফার টেকনোলজি। আবার বিড়ালের আকৃতি-নাচের ধরন দেখে অনেকে অসন্তুষ্ট। এই গল্পের প্রাথমিক উৎস টিএস এলিয়টের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ওল্ড পাসোমস বুক অব প্র্যাকটিক্যাল ক্যাটস’। ১৯৩৯ সালে প্রকাশিত বইটির কবিতা অবলম্বনে কয়েক দশক আগে অ্যান্ড্রু লয়েড ওবেরার মঞ্চে আনেন সংগীতপ্রধান নাটক ‘ক্যাটস’। তার ওপর ভিত্তি করে সিনেমাটি পরিচালনা করছেন টম হুপার। এর আগে ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেন সংগীতপ্রধান চলচ্চিত্র ‘লা মিজারেবল’। সিজিআই ও লাইভ-অ্যাকশন প্রযুক্তিনির্ভর ‘ক্যাটস’ মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বর।