কেইপিজেডে শ্রমিকবাহী লেগুনা উল্টে আহত ৯

চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) একটি শ্রমিকবাহী লেগুনা উল্টে ৯ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার দৌলতপুর মরিয়ম আশ্রম সংলগ্ন কেইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নুর বেগম (২৫), লিটন (২০), জুলি আক্তার (১৮), শামিমা আক্তার (২২), হাসিনা আক্তার (২৫), আবদুল আজিজ (২৫), নুর জাহান (২৩), কাউসার আক্তার (১৯) ও রুবি আক্তার (২৪)। তাদের মধ্যে লেগুনার হেলপার লিটনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা সকলেই কেইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজের শ্রমিক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে পটিয়া থেকে একটি লেগুনা শ্রমিক নিয়ে কেইপিজেডের একটি কারখানায় যাচ্ছিল।

এ সময় কেইপিজেডের ভেতরে মরিয়ম আশ্রম এলাকায় পৌঁছালে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ৯ জন শ্রমিক আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।