দুই নায়ক নিয়ে ফিরছেন নুসরাত

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বিয়েও সেরেছেন সম্প্রতি। দুই ঘটনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। রাজনীতি-সংসার সামলে যারপরনাই ব্যস্ত এই অভিনেত্রীর পর্দায় ফেরার পালা এবার।

জানা গেছে, খুব শিগগিরই নতুন ছবির শুটিংয়ে যোগ দিচ্ছেন নুসরাত। তার বিপরীতেও আছেন টালিগঞ্জের আলোচিত দুই নায়ক।

সেই ছবির নাম ‘অসুর’। পরিচালনা করছেন ‘রসগোল্লা’-খ্যাত পাভেল। কেন্দ্রীয় চরিত্রে নুসরাতের সঙ্গে আরও আছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও জিৎ। শুটিং শুরু হচ্ছে আগস্টের প্রথমদিকে।

ভারতীয় শিল্পকলা-সংস্কৃতির ইতিহাসে প্রখ্যাত চিত্রকর রামকিংকর বেইজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পাভেল তৈরি করছেন ‘অসুর’। কলকাতা, বোলপুরে ছবির শুটিং হবে।

পরিচালক বলেন, “অসুর’ তিন বন্ধুর প্রেম-ভালোবাসার কাহিনি। তবে তাদের সম্পর্কের নেপথ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিল্পকলা। জিৎ একেবারে অন্যরকম লুকে ধরা দেবে এই ছবিতে। যেই অবতারে তাকে আগে দর্শকেরা দেখেননি।”

নুসরাতের ভূয়সী প্রশংসা করে পাভেল জানান, হাজার ব্যস্ততার মধ্যেও নায়িকা চিত্রনাট্য পড়ে দেখেছেন। জিতের সঙ্গে ইতিমধ্যেই একদিন স্ক্রিপ্ট রিডিং সেশনও সেরে ফেলেছেন। সব মিলিয়ে পর্দার জন্য তিনি পুরোপুরি প্রস্তুতি।

২০১৫ সালে এই ছবির চিত্রনাট্য তৈরি করেন পাভেল। কিন্তু শুটিং ফ্লোরে যায়নি নানা কারণে।