পনেরো বছর আগে ফেসঅ্যাপ ব্যবহার করেছেন প্রীতি জিনতা!

সম্প্রতি সারা বিশ্বের কয়েক কোটি মানুষ ফেসঅ্যাপ ব্যবহার করে নিজেদের বৃদ্ধ বয়সের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার ছোঁয়া বলিউডেও লেগেছে। অনেক সেলিব্রিটি এই অ্যাপ করে ছবি শেয়ার করেছেন। অন্যদের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।

ফেসঅ্যাপ ব্যবহার না করেও একজন বুড়ো বয়সের ছবি শেয়ার দিলেন। তিনি হলেন প্রীতি জিনতা। কারণ এই নায়িকা নাকি পনেরো বছর আগে অ্যাপটি ব্যবহার করেছেন। যখন নাকি কেউ এ ধরনের কিছুই ভাবেইনি।

ইনস্টাগ্রামে প্রীতির শেয়ার করা জিফ ফর্মেটের ছবিটি নেওয়া হয়েছে ২০০৪ সালে ‘বীর জারা’ সিনেমা থেকে। যেখানে তরুণ বয়সী চরিত্রে থেকে বৃদ্ধার বেশে দেখা যায় এ নায়িকাকে। আর ‘তেরে লিয়ে’ গানের তাকে তরুণী ও বৃদ্ধা দুই লুকেই দেখা যায়। ধূসর পরচুলা ও প্রস্থেটিক মেকআপ প্রীতির লুককে বিশ্বাসযোগ্য করে তুলেছিল। এ সাজসজ্জার জন্য ওই সময় তিনি প্রশংসাও পান।

সেই ছবি শেয়ার করে ‘কাল হো না হো’ সিনেমার নায়িকা লেখেন, অনেক আগেই তিনি এই সব করে এসেছেন। হ্যাশট্যাগে লেখেন ‘ফেসঅ্যাপচ্যালেঞ্জ’।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘বীর জারা’ পরিচালনা করেন ইয়াশ চোপড়া। প্রীতির বিপরীতে ছিলেন শাহরুখ খান। অতিথি চরিত্রে ছিলেন রানি মুখার্জি। ব্লকবাস্টার সিনেমাটির গানগুলোও বেশ জনপ্রিয় হয়। ২৩ কোটি রুপি বাজেটের বিপরীতে আয় করে ৯৭ কোটি রুপির বেশি।