মৌসুমে প্রথম হারে অপেক্ষা বাড়ল বসুন্ধরার

জিতলেই শিরোপা উৎসব। কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো প্রতিযোগিতাটিতে প্রথমবারের মতো নাম লেখানো বসুন্ধরা কিংসের।

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে হারে বসুন্ধরা। মৌসুমে এটাই তাদের প্রথম হার। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। লিগ শিরোপা জিততে দরকার বাকি তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট।

শেখ রাসেলের বিপক্ষে জিতলেই তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উল্লাসে মাততে পারতো বসুন্ধরা। শেখ জামালের মতো প্রথম মৌসুমেই লিগ জয়ের রেকর্ড গড়তে পারতো দলটি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে আবাহনী পয়েন্ট খোয়ালেও শিরোপা জিততে পারতো বসুন্ধরা। কিন্তু বিধি বাম। লড়াইটিতে সাইফকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে কাগজে কলমে টিকে রইল আবাহনী।

২২ ম্যাচে ১৮ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মুকুট ধরে রাখতে হলে বাকি দুই ম্যাচে আবাহনীর শুধু জিতলেই চলবে না, বসুন্ধরার পরের ম্যাচগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

দিনের অপর দুই ম্যাচে শেখ জামাল ২-০ গোলে চিটাগং আবাহনীকে হারিয়েছে; আরামবাগ ৬-৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।