৫ বছরের শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা

মাদারীপুরের রাজৈর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বীণা রাণী মণ্ডল (৩৫) তার ৫ বছর বয়সী শিশু সন্তান রাজ মণ্ডলকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।

উপজেলার কদমবাড়ি ইউনিয়নের উল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিনয় মণ্ডলের দ্বিতীয় স্ত্রী বীণা রাণী মণ্ডল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে, হাসপাতালে নেওয়ার সময় রাজ মণ্ডলের মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিনয় মণ্ডলের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী বীণার ঝগড়া হয়। একপর্যায়ে বীণা রাণী মণ্ডল তার ছেলে রাজকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট পানিতে মিশিয়ে খেয়ে ফেলে। এ সময় তার শিশুসন্তান রাজ বমি করতে থাকে। পরে বীণা রাণীও বমি করতে শুরু করে। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পথে শিশু রাজের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় বীণাকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায়  বীণা রাণী মণ্ডল মারা যান।

রাজৈর থানার ওসি মো. শাজাহান মিয়া জানান, বিনয় মণ্ডলের প্রথম স্ত্রীও এর আগে পারিবারিক কলহের কারণে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিল। এবার ফল খাওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।