ফোবানা উৎসবে যাচ্ছি

জনপ্রিয় ক্লোজআপ তারকা সাজিয়া সুলতানা পুতুল। এখন নতুন গান, স্টেজ শো, লেখালেখি নিয়ে দারুণ ব্যস্ত। আজ বিজয় টিভিতে সরাসরি গান শোনাবেন। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

আজ বিজয় টিভিতে...

আমাদের প্রিয় মিউজিশিয়ান রিচার্ড কিশোর নিজের নামে একটি গানের অনুষ্ঠান করছেন বিজয় টিভিতে। দেশের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি আমাদের সমসাময়িক শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি করছেন। তিনি সবার শ্রদ্ধেয় মিউজিশিয়ান, তার প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। আজ এই অনুষ্ঠানে আমি সরাসরি গান শোনাব। অনুষ্ঠানটি উপস্থাপনাও করবেন তিনি। তার সঙ্গে আড্ডার ফাঁকে চারটি গান গাইব। গত পরশু গেয়েছি যমুনা টিভিতে।

 

স্টেজ শো...

বৃষ্টির সিজনে খুব একটা ওপেন এয়ার কনসার্ট হয় না। তাই স্টেজে ব্যস্ততা কম। এখন পুরোটা সময় স্টুডিওতে দিচ্ছি। গত ১৩ জুলাই ছিল আমার জন্মদিন। সেদিন চাঁদপুরে স্টেজ শো ছিল। বিশেষ দিনে ভক্তদের গান শুনিয়ে খুব ভালো লেগেছে। কিন্তু বিপত্তি বাঁধিয়েছে ‘বৃষ্টি’। একটুর জন্য শোটি প- হয়নি। আগামী মাসে আমেরিকা যাব ফোবানা সম্মেলনে গাইতে। এ সপ্তাহেই ভিসা হয়ে যাবে। এরপর কানাডার ভিসার আবেদন করব। সেখানেও গাইতে যাওয়ার প্রস্তাব রয়েছে।

 

মনের মতো শ^শুর বাড়ি

আমাদের দেশে অনেক মেয়ে পরিবারের সাপোর্ট পেয়ে একটা অবস্থানে পৌঁছায়। কিন্তু বিপত্তি বাধে যখন আরেকটি পরিবার তার সঙ্গে যুক্ত হয়, কিন্তু তারা মেয়েটির পেশা বা আগ্রহকে অসম্মান করে। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান, মনের মতো শ^শুর বাড়ি পেয়েছি। আমার স্বামী কানাডা থাকেন। দেশে থাকেন শাশুড়ি। তারা আমার থেকে দ্বিগুণ উৎসাহী আমার গানের ব্যাপারে। শাশুড়ি আমার কোনো টেলিভিশন অনুষ্ঠান মিস করেন না। আর স্বামী দূরে থেকেও নিয়মিত গানের রেওয়াজ ও লেখালেখির জন্য উৎসাহ দেন।

 

লেখালেখি...

চার বছর ধরে একুশে বইমেলায় নিয়মিত আমার বই প্রকাশ হচ্ছে। প্রথম দুই বছর এসেছে কবিতার বই। শেষ দুই বছর উপন্যাস। আসছে বইমেলার জন্য একটি উপন্যাস লেখা শুরু করেছি। ইচ্ছা আছে একই সঙ্গে একটি কবিতার বইও বের করার।

 

নতুন দুই গান...

আমার কথা, সুর ও সংগীতায়োজনে দুটি নতুন গানের কাজ শেষ করেছি। গান দুটির শিরোনাম ‘সবুজ মনে খরা’ ও ‘খেয়ালি মেয়ের গান’। দুটি গানই ঈদের আগে ও পরে বের হবে আমার ইউটিউব চ্যানেল ‘পুতুল গান’ থেকে। এরই মধ্যে প্রথম গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করেছি। আমার মনে হয়, দিন শেষে গান শোনার বিষয়। তাই মিউজিক ভিডিও সব সময় খুব সাধারণ করে করতে চাই। নামিদামি মডেল ভাব করে আয়োজন করে ভিডিও করে গানের আবেদন কমাতে চাই না। তাই আমার গানে আমাকেই দেখা যাবে।