মাদারীপুরে মাদ্রাসাছাত্রী দীপ্তি আক্তারের নিহতের ঘটনায় সাজ্জাদ হোসেন খান নামে এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছেন র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে র্যাব-৮ বরিশাল ক্যাম্পের সিও অ্যাডিশনাল ডিআইজি আতিকা ইসলাম মাদারীপুর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটক ইজিবাইকচালক সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার বাসিন্দা। আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে দীপ্তি হত্যা ও ধর্ষণের কথা তিনি স্বীকার করেছে সাজ্জাদ। সে এর আগেও এক শিশু হত্যার দায়ে দীর্ঘ দ- ভোগ করেছে।
আতিকা ইসলাম জানান, ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। শহরের ইটেরপুল থেকে চরমুগরিয়ার উদ্দেশে একটি ইজিবাইকে ওঠে দীপ্তি আক্তার। ইজিবাইকে সে একমাত্র যাত্রী ছিল। চালক সাজ্জাদ হোসেন খান চরমুগরিয়ার দিকে না গিয়ে তার বাড়ির রাস্তা হয়ে যায় এবং বাড়িতে দরকার আছে বলে দীপ্তিকে জানায়। তার স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়িতে থাকায় বাড়ি খালি ছিল। এ সময় বাসার সামনে ইজিবাইক থামিয়ে তার মুখ চেপে ধরে। এতে দীপ্তি অজ্ঞান হয়ে গেলে ঘরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে দীপ্তি মারা গেলে তার পোশাক খুলে ফেলে বৈদ্যুতিক তার দিয়ে ইটের সঙ্গে বেঁধে পাশের একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়।