১১ দফা দাবিতে বরিশাল নদীবন্দর ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।
আগামী ২৩ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে ওইদিন রাত ১২টা থেকে নৌপথে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখা। বেলা সাড়ে ১১টায় বরিশাল নদীবন্দরে বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে ওই হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে নৌযান শ্রমিকরা তাদের দাবি তুলে ধরে বলেন, বেতন-ভাতা বৃদ্ধি ও যুগোপযোগী করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন নৌবন্দরে নৌ-শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌপথে প্রয়োজনীয় মার্কা বয়া ও বাতি স্থাপন করতে হবে।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনায় নিহত নৌ-শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এই দাবিতে তারা গত এক বছরের ব্যবধানে দুই দফা কর্মবিরতি পালন করেন। সবশেষ গত এপ্রিলে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করলে সারা দেশে নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় শ্রম অধিদপ্তরে নৌযান মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা এবং সমাধান করার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেন নৌযান শ্রমিকরা। কিন্তু ৪৫ কর্মদিবস শেষ হলেও নৌযান শ্রমিকদের দাবি পূরণ হয়নি।
অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে সকালে বাংলাদেশ নৌযান ফেডারেশন বাঘাবাড়ী শাখা আয়োজিত মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নৌবন্দর চত্বর, বাফার গুদাম এলাকা, বাঘাবাড়ী অয়েল ডিপো ও বগুড়া-নগরবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে আধ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে সমাবেশ করে। জাহাজ মাস্টার আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মাস্টার প্রমুখ।