ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতাল থেকে এক নবজাতকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে ওই নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় নবজাতকের বাবা আক্কাস আলীকে আটক করেছে পুলিশ। আটক আক্কাস আলী ওই উপজেলার নওদাগা গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর থানার ওসি মো. মাহাবুবুল আলম জানান, কোটচাঁদপুর হাসপাতালের আয়া রিনা খাতুনের বাসায় অবৈধভাবে গর্ভপাতের জন্য যায় ওই উপজেলার নওদাগা গ্রামের আক্কাস আলীর স্ত্রী ববিতা খাতুন। এ সময় আয়া রিনা তার গর্ভপাত ঘটিয়ে নবজাতককে ব্যাগে ভরে হাসপাতালের পেছনে ফেলে আসে। পরে এলাকাবাসী শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের বাবা আক্কাস আলীকে আটক করে।
ববিতা খাতুন ও তার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।