নড়াইল সদর হাসপাতালে সাপের কামড়ে অসুস্থ মাগুরার এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।
মৃত সাপুড়ে আনোয়ার হোসেন (৪০) মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে।
অভিযোগ উঠেছে ওই হাসপাতালে দুই ঘণ্টা থাকলেও উপযুক্ত চিকিৎসা তিনি পাননি। দেওয়া হয়নি সাপের কামড়ের প্রতিষেধক।
জানা গেছে, ওই সাপুড়ে বাড়িতে শনিবার সকাল ১০টার দিকে পোষা সাপকে খাওয়াতে যায়। এ সময় সাপ তাকে কামড়ালে তিনি কিছু গাছগাছড়া, শিকড়বাকড় খেয়ে শুয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে তার ঘুম ভাঙে এবং অসুস্থ বোধ করেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে কাছে নড়াইল সদর হাসপাতালে নিয়ে বেলা সোয়া ২টার দিকে ভর্তি করে।
আনোয়ার হোসেনের প্রতিবেশী পল্লব জানান, ‘রোগীকে ভর্তি করা হলেও হাসপাতালে প্রতিষেধক এন্টিভেনম না থাকায় চিকিৎসা দেওয়া হয়নি। পরে জানা যায় স্থানীয় এক ফামের্সিতে এন্টিভেনম ইনজেকশন আছে। সেখানে পাওয়া গেলেও দাম প্রায় ১০ হাজার টাকা। কিন্তু আমাদের কাছে এত টাকা না থাকায় চাইলেও তারা বাকিতে বিক্রি করেনি। বিনা চিবিৎসায় আনোয়ার হোসেন মারা যান।’
জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. মিজানুর রহমান জানান, ‘হাসপাতালে সাপেকাটা রোগীর প্রতিষেধক এন্টিভেনম না থাকায় বাইরে থেকে কিনতে বলা হয়। কিন্তু রোগীর স্বজনরা বিভিন্ন দোকান ঘুরে ওষুধ পেলেও বাকি না দেওয়ায় তা প্রয়োগ করা সম্ভব হয়নি। পরে রোগীর মৃত্যু হয়।’
নড়াইল সদর হাসপাতালের আরএমও আফম মশিউর রহমান বাবু বলেন, ‘এ মুহূর্তে হাসপাতালে সাপেকাটা রোগীর প্রতিষেধক এন্টিভেনম হাসপাতালে সরবরাহ নেই। যাতে দ্রুত এন্টিভেনম বরাদ্দ পাওয়া যায় সে চেষ্টা চলছে।’