ঢাকার যানজট নিরসনে 'মাস্টার প্ল্যান' তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে ওই পরিকল্পনা প্রতিবেদন আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
১৬ মে রাজধানী ঢাকার যানজট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান।
রিটে যানজট দূর করার জন্য বিশেষ ট্রাস্ক ফোর্স গঠনের নির্দেশনাও চাওয়া হয়। এছাড়া রাজধানীতে যানজট দূর করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়।
ওই রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, পরিবেশ মন্ত্রণালয় সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকা সিটির দুই মেয়র, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
এর আগে ‘যানজটে বছরে ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়।