ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ডিপজলকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। দাঁড়িয়ে হাত বাড়িয়ে লোকজনকে দেখিয়ে দিচ্ছেন ফুটওভার ব্রিজ। কখনো বা বাইক চালকদের বলছেন, ‘খারাও, ভাতিজা এইডা ফুটপাত, মোটরবাইক চালানোর জায়গা না।’ কখনো বা বলছেন ‘ভাতিজা ওই যে ফুট ওভারব্রিজ। একটু কষ্ট কইরা দু কদম হাঁটো।’
তবে মজার ব্যাপার হলো যে এমন জনসচেতনতামূলক কথা বললেও স্বশরীরে দাঁড়াচ্ছেন না তিনি, প্লাকার্ডের ছবি হয়ে সবাইকে নিরাপদ চলাচলে সচেতন করে দিচ্ছেন।
ঢাকার বিভিন্ন প্রান্তে মিলছে ডিপজলের এমন প্লাকার্ডের। জানা যায় প্রাণ-আরএফএল গ্রুপের ‘দেশ আমার দোষ আমার’ শিরোনামে সামাজিক সচেতনতার ক্যাম্পেইনের জন্য এসব প্ল্যাকার্ড ব্যবহার করা হয়েছে। আর এতে মডেল হিসেবে নেওয়া হয়েছে জনপ্রিয় এই খল অভিনেতাকে।