অপি শুধু উৎসবেই

ইদানীং অভিনয়ে আর নিয়মিত নন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। তবে বাঙালির উৎসবে তিনি ঠিকই ধরা দেন বোকাবাক্সে। ঈদ, পূজা, পহেলা বৈশাখ কিংবা ভালোবাসা দিবসের বিশেষ নাটকে দেখা মেলে এই গুণী তারকার। এই কাজগুলো তিনি করেন বিশ্ববিদ্যালয়ের বন্ধের সময় কিংবা সাপ্তাহিক ছুটির ফাঁকে। তেমনই সময় বের করে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন অপি করিম। আসছে ঈদুল ফিতরের জন্য একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাটকটির নাম ‘ক্ষণিকের আলো’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এটি আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘শিক্ষকতায় ব্যস্ত থাকার কারণে খুব বেশি অবসর সময় পাই না। যে সময়টুকু পাই, সে সময় পারিবারিক কাজেই ব্যস্ত থাকতে হয়। সুযোগ পেলে আর কোনো স্ক্রিপ্ট খুব পছন্দ হলেই অভিনয় করি। সাগর জাহান আমার পছন্দের একজন নির্মাতা। তিনি নাটকটির পরিকল্পনার পরই আমার সঙ্গে যোগাযোগ করেন। নাটকটির গল্প পছন্দ হওয়ায় এতে কাজ করেছি।’ অপি আরও জানান, ‘ঈদে নাটক আর করব কি না জানি না, তবে বিশেষ কয়েকটি অনুষ্ঠানে নাচের কথা হয়েছে।’

এদিকে, প্রায় ১৫ বছর পর নতুন একটি সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত এ সিনেমার নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। এর বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জসীম আহমেদ ও কলকাতার জনপ্রিয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। এরই মধ্যে কলকাতায় সিনেমার শ্যুটিং করে এসেছেন অপি। ঢাকায়ও হবে এর কাজ। এ সিনেমায় অপি করিমের চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। বেকার স্বামী ও একমাত্র

সন্তান নিয়ে তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। এতে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘এ সিনেমার গল্প, আমার চরিত্র এবং নির্মাণ পরিকল্পনা ভালো লাগায় অভিনয় করছি। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’ জানা গেছে, যৌথ প্রযোজনার নতুন নীতিমালার আওতায় সিনেমাটি নির্মিত হচ্ছে।

এবার আসা যাক অপির পেশাগত জীবনে। বিশ^বিদ্যালয়ে শিক্ষকতায় নাম লেখানোর পর অপির জীবনযাপন বদলে গেছে। শ্যুটিংয়ের ব্যস্ততার জায়গা দখল করে নিয়েছে ক্লাস, প্রেজেন্টেশন এসব। অভিনয় জীবনের ব্যস্ত সময়ের শূন্যতা অনুভব করেন কি না জানতে চাইলে অপি বলেন, ‘অভিনয়ের কারণে নতুন নতুন কিছু গল্প পড়া হতো। শিক্ষকতা পেশার ব্যস্ততার কারণে এখন আর তা হয় না। বলা যায়, পড়ার সেই মুহূর্তগুলোকে খুব মিস করি।’

এখন টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় না করলেও মঞ্চনাটকে অভিনয় করছেন অপি করিম। কিছুদিন আগেই নাট্যম রেপার্টরির হয়ে ‘ডিয়ার লায়ার’ নাটকে মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে।