গত মাসে ভারতের বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলা প্রতিবেদনে জানায়, ব্লকবাস্টার ‘বাঘি টু’ সিনেমায় জুটি বেঁধে প্রচারের আলোয় আসা দুই তারকা টাইগার ও দিশা ‘আনুষ্ঠানিকভাবে’ আলাদা হয়ে গেছেন। প্রতিবেদনটি আরও জানায়, সম্পর্কচ্ছেদের কথা তাদের ঘনিষ্ঠ বন্ধু ও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেই জানেন। দুই অভিনেতারই ঘনিষ্ঠ এক বন্ধু নাকি জানিয়েছে, ‘গত কয়েক সপ্তাহ টাইগার ও দিশার সম্পর্কটা সত্যিই ভালো যাচ্ছিল না। পরে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।’ সূত্রটি আরও বলে, ‘কয়েক সপ্তাহ আগে তারা পারস্পরিক সম্মতিতে সম্পর্কের ইতি টেনেছে।’
এর আগে একই পোর্টালকে দিশা পাটানি বলেছিলেন, ‘কোনো অনিশ্চয়তার মধ্যে না থেকে বন্ধুত্বের চেয়ে বেশি এমন সম্পর্কে জড়াতে চাই না। আমি ওর মন পাওয়ার চেষ্টা করে যাচ্ছি, বলেই যাচ্ছি। আমি জিমন্যাস্টিকস শিখেছি। একটি সিনেমা করেছি, যেখানে অগ্নিবলয়ের মধ্যে ঘুরেছিও। এরপরও ওর মন ভরল না। আমি আর কী করতে পারি? ও খুব ধীর গতির। কাউকে তো বরফটা ভাঙতে হবে, বলতে হবে। সে ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু আমি তো বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চাই। ওর মন পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওর সায় পাচ্ছি না।’
বিচ্ছেদের এই গুঞ্জনের মধ্যেই রাতে একসঙ্গে মুম্বাইয়ের রাস্তায় দেখা গেছে বলিউডের হালের সেনসেশন টাইগার শ্রফ ও দিশা পাটানিকে। রাতের খাবার খেতে বাস্তিয়ান রেস্তোরাঁয় যেতে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এ যুগল। একই গাড়িতে করে রেস্তোরাঁয় হাজির হন টাইগার-দিশা। দুজনেরই মুখে ছিল হাসির ঝিলিক। পাপারাজ্জিদের সামনে বেশ হাসিমুখে পোজও দেন দুজন। বিশেষ করে দিশার হাসি ছিল চোখে পড়ার মতো। টাইগার পরেছিলেন সাদা টি-শার্ট ও জিন্স। আর দিশা পরেছিলেন নীলরঙা কাঁধখোলা পোশাক। যাই হোক, প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার-দিশার ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। ইন্সটাগ্রামে তাদের ছবির নিচে এক ভক্ত লিখেছেন, ‘তাদের এভাবে দেখতেই ভালো লাগে। টাইগার ভাই, দিশা-তোমাদের খুব ভালোবাসি।’ আরেক ভক্ত এ যুগলকে বর্ণনা করেছেন, ইন্ডাস্ট্রির সবচেয়ে গর্জিয়াস যুগল।
টাইগার শ্রফকে সর্বশেষ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-তে দেখা গেছে। আর দিশা পাটানিকে সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা গেছে। দিশার আগামী সিনেমা ‘মালাঙ্গ’। সুপারহিট ‘আশিকি টু’র পরে ফের একসঙ্গে কাজ করছেন মোহিত সুরি ও আদিত্য রায় কাপুর। আর টাইগারকে দেখা যাবে হৃতিক রোশনের সঙ্গে একটি সিনেমায়।