মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর মাথা ইট মেরে ফাটিয়ে দিয়েছে বখাটেরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীরা ওই স্কুলছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্থানীয়রা জানায়, মাদারীপুরের এই বালিকা বিদ্যালয়সহ আরও কয়েকটি বালিকা বিদ্যালয়ের সামনে বখাটেরা শিক্ষার্থীদের নিয়মিত উত্ত্যক্ত করে। মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের আশপাশে একাধিক কিশোর গ্যাং রয়েছে। যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা খানম বলেন, বিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেখান দিয়ে সবাই চলাচল করে। মাঝে মধ্যেই বখাটেরা এখান দিয়ে ইটের টুকরো ছুড়ে মারে। প্রশাসনের কাছে এর আগে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা এ ব্যাপারে তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করছি।