পদ্মায় গোসল করতে নেমে ইমন ও আঞ্জুম আরা নামে এক দম্পতি নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার দুপুরে পদ্মা নদীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে। আঞ্জুম আরার এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা দৌলতদিয়ায় বেড়াতে আসেন। পরে গোসল করতে গিয়ে পদ্মার তীব্র স্রোতে নিখোঁজ হন তারা।
আঞ্জুম আরা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারাপাড়ার আজিম শেখের মেয়ে এবং ইমন মাদারীপুরের কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। বিয়ের পর থেকে তারা ঢাকার উত্তরায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী আফসানা আক্তার জানান, দুপুর ২টার দিকে বিয়েবাড়ির ১০-১২ জন পদ্মায় গোসল করতে নামেন। এসময় একটি ফেরি তাদের পাশ দিয়ে চলে গেলে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে আঞ্জুম আরা তীর থেকে কিছুটা দূরে চলে যান। তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে গেলে তীব্র স্রোতের ঘূর্ণিপাকে দুজনই তলিয়ে যান।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি লাবু মিয়া জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশ স্পিডবোট ও জেলেদের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। তবে, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দম্পতির সন্ধান পাওয়া যায়নি।